মানুষকে সম্পদে রূপান্তর করা বড় চ্যালেঞ্জ : মন্ত্রী

২৬ অক্টোবর, ২০১৯ ২১:৩৪  
বাংলাদেশের বড় চ্যালেঞ্জ হচ্ছে তার মানুষকে সম্পদে রূপান্তর করা। আমাদের ছেলে-মেয়েদের সামান্য প্রশিক্ষণ দিলে তারা সম্পদ হতে পারে। মাত্র কয়েক দিনের প্রশিক্ষণে গ্রাম থেকে উঠে আসা শিশুরা অনায়াসে রোবট বানাতে পারছে। শনিবার ঢাকায় আইডিইবি মিলনায়তনে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) আয়োজিত ‘চতুর্থ শিল্প বিপ্লব ও আমাদের প্রস্তুতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এসময় শিশু ক্লাস থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাকে ডিজিটাল রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। মোস্তাফা জব্বার বলেন, আমাদের ছেলে-মেয়েরা মাদারবোর্ড বানাতে পারে, তারা বাংলাদেশে কমপ্রেসর তৈরি করছে। টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব অথবা ডিজিটাল বাংলাদেশ কিংবা পঞ্চম শিল্প বিপ্লবের জন্য তার মহাসড়ক তৈরি করে দেওয়া। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সাবেক সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার ও বিসিএসসিএল এমডি মসিউর রহমান বক্তৃতা করেন।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টেলিকম ও ডিজিটাল প্রযুক্তি গবেষক টিআইএম নূরুল কবির, আইডিইবি‘র সভাপতি একেএমএ হামিদ, ফাইভার অ্যাট হোমের প্রধান কারিগরি কর্মকর্তা সুমন আহমেদ সাবির এবং টেলিটকের ব্যবস্থাপক রেজাউল কবির।